নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খড়বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন সদস্য এ আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইলগামী এশিয়ান হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে খড়বোঝাই ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজারের জামে মসজিদের সামনে পৌঁছায়। সেখানে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখেন চালক। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরেই ঘুমিয়ে পড়েন।
পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছেন।
এ খবর পেয়ে চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই ট্রাকে থাকা সব খড় পুড়ে যায়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন বলেন, এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারের কেউ ক্ষতিগ্রস্ত হননি। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
0 মন্তব্য