২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। তাদের মধ্যে প্রায় ৩৫০ জনকে ‘কঠোর ও অমানবিক পরিস্থিতিতে’ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের দমনমূলক পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ভয়ভীতি প্রদর্শন ও গ্রেপ্তারের মধ্য দিয়ে এসব পদক্ষেপ শুরু হলেও পরবর্তী সময়ে তা নির্যাতন, অনাহারে রাখা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো পরিস্থিতিতে গড়িয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির দাবি, অভিযোগ গঠন কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক রাখার ঘটনা তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। সংগঠনটির মতে, এ ধরনের আটকপ্রক্রিয়া শিশুদের আরও গুরুতর ঝুঁকির মুখে ফেলছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আটক থাকার কারণে শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। একই সঙ্গে তারা স্বাভাবিক শিক্ষা, পারিবারিক জীবন ও শৈশবের স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে আটকে থাকায় তাদের জীবন ও ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ পরিস্থিতিতে আটক ফিলিস্তিনি শিশুদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।
সংগঠনটি বলেছে, নির্বিচারে আটক শিশুদের মুক্তির পাশাপাশি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মতে, আটক শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারে ফিরে যাওয়া এবং স্বাভাবিক জীবনে পুনর্বাসনের সুযোগ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রয়োজন।
0 মন্তব্য