আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
রোববার (৯ আগস্ট) দুপুরে সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে এক বৈঠকে মিলিত হন ১১ দলীয়ঐক্যের শীর্ষ নেতারা। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
বৈঠকে অন্যান্য দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
0 মন্তব্য