ফিফা বিশ্বকাপ শেষে ক্লাবে ফেরার পর প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তার দুর্দান্ত নৈপুণ্যে লিগস কাপ ২০২৬-এর প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও মেক্সিকোর অ্যাতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বুধবার (৬ আগস্ট) মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা।
দ্রুতই সমতায় ফেরান মেসি। নোয়া অ্যালেনের বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসে দৌড়াতে দৌড়াতেই অসাধারণ ভলিতে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপ শেষে বিরতি নেওয়ায় মেসির অনুপস্থিতিতে এমএলএসে ইন্টার মায়ামিকে সামলেছিলেন লুইস সুয়ারেজ। তবে সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফ সদস্যের দিকে থুতু নিক্ষেপের ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞার প্রথম ম্যাচ হওয়ায় লিগস কাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি উরুগুইয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচের মাঝামাঝি সময়ে নোয়া অ্যালেনের দারুণ পাস থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এ গোলেও সহকারী হিসেবে নাম লেখান মেসি।
প্রথমার্ধের শেষদিকে আবারও জ্বলে ওঠেন আটবারের ব্যালন ডি'অরজয়ী। অ্যালেনের আরেকটি পাস থেকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কাছ থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
এই গোলের মাধ্যমে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে ওঠেন মেসি। ২০২৩ সালে সম্প্রসারিত আকারে টুর্নামেন্ট শুরুর পর তার গোলসংখ্যা দাঁড়ায় ১৪, যা লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গার চেয়ে একটি বেশি। এছাড়া লিগস কাপে এটি ছিল মেসির ১২ ম্যাচে পঞ্চমবারের মতো এক ম্যাচে দুই গোল করার কীর্তি।
অন্যদিকে, নোয়া অ্যালেন নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে মিকায়েলের হেডে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।
দ্বিতীয়ার্ধে প্রবল বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। খেলা শুরুর পর রাফা লোরেন্তে দূরপাল্লার দুর্দান্ত শটে সান লুইসের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি তারা।
তবে ম্যাচের ৮৩তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি, যা মায়ামির জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর ক্লাবে ফিরে প্রথম ম্যাচে কলম্বাসের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে ৩৯ মিনিট খেলেছিলেন মেসি। এবার শুরুর একাদশে নেমেই জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে দারুণ প্রত্যাবর্তনের বার্তা দিলেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির নেতৃত্বেই প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা জিতেছিল ক্লাবটি।
লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ শনিবার মনতেরেইয়ের বিপক্ষে। অন্যদিকে, অ্যাতলেতিকো দে সান লুইস রোববার মুখোমুখি হবে ন্যাশভিল এসসির।
0 মন্তব্য