স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দাবানলে ক্ষতিগ্রস্ত সিয়েরা ওয়েস্তে অঞ্চল পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা।
মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মেসির অনুদানের বিষয়টি নিশ্চিত করেন।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সিয়েরা ওয়েস্তে দে মাদ্রিদের পুনর্গঠনের জন্য লিও মেসি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, খুব শিগগিরই তাকে আবার মাদ্রিদে স্বাগত জানাতে পারব এবং মানুষ তাকে তার প্রাপ্য সম্মান জানাবে।”
গত কয়েক সপ্তাহের ভয়াবহ দাবানলে মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের বিস্তীর্ণ বনাঞ্চল, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো নজরদারি চালিয়ে যাচ্ছেন জরুরি সেবাকর্মীরা।
মাদ্রিদ অঞ্চলের ফায়ার সার্ভিস, বন অগ্নিনির্বাপক ইউনিট এবং বনরক্ষীদের একাধিক দল দিন-রাত কাজ করছে। বিশেষ করে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। নিরাপত্তার স্বার্থে পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগ্লেসিয়াসের সাতটি আবাসিক এলাকায় প্রবেশ এখনো সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে সান হুয়ান জলাধার, আলবের্শে সৈকত এবং এম-৯৫৭ মহাসড়কের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মানবিক কর্মকাণ্ডে মেসির সম্পৃক্ততা নতুন নয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত লিও মেসি ফাউন্ডেশন–এর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে শিশু ও তরুণদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলা–সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে সহায়তা দিয়ে আসছেন। মাদ্রিদের দাবানল দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সেই মানবিক উদ্যোগেরই আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন ফুটবল মহাতারকা। সূত্র: ইএসপিএন
0 মন্তব্য