আন্তর্জাতিক ক্রিকেটে ফর্ম নিয়ে সংগ্রাম করলেও ঘরোয়া ক্রিকেটে ছন্দে দেখা গেছে এই ব্যাটারকে । বিশ্বের বিভিন্ন স্টেডিয়াম মাতিয়ে দেন। সেই অভিষেক শর্মাই নেমে পড়েছিলেন স্থানীয় একটি ক্রিকেট লিগের ম্যাচে। সেখানে তাঁর ব্যাটে ঝড় উঠল। এতটা আগ্রাসী ইনিংস খেলেছেন যে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে।
পঞ্জাবের আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট ম্যাচে নেমেছিলেন অভিষেক। অমৃতসরের হয়ে খেলতে নেমেছিলেন তরন তারনের বিরুদ্ধে। সেখানে তিনি ২৫টি ছয় এবং ১৫টি চার মেরেছেন। ৯১ বলে করেছেন ২৩৩ রান। স্ট্রাইক রেট ২৫৬.০৪। অভিষেকের মারের দাপটে দিশেহারা হয়ে যান তরন তারনের বোলারেরা। কোথায় বল করবেন ভেবে পাচ্ছিলেন না। অভিষেকের খেলার ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
আইসিসি-র টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে তিন নম্বর ব্যাটার অভিষেক। বছরটা শুরু করেছিলেন এক নম্বর র্যাঙ্কিংয়ে। তবে কয়েকটি ম্যাচে খারাপ খেলার কারণে র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে গিয়েছেন। সম্প্রতি জ়িম্বাবোয়ে সফরে তাঁর ব্যাটে তিন ইনিংসে এসেছে মাত্র ১১ রান।
তার আগে ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচটি টি-টোয়েন্টিতে ১৩১ রান করেছিলেন তিনি। গড় ছিল ২৬.২। তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচে ৪৯ রান করেছিলেন। অর্থাৎ শেষ ১০টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতরান।
শুধু তাই নয়, যে ভাবে তিনি আউট হয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। জ়িম্বাবোয়ে সিরিজ়ে ব্লেসিং মুজারাবানি তিনটি ম্যাচেই আউট করেছিলেন অভিষেককে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেকের স্ট্রাইক রেট ছিল ১৯৫। তা এখন কমে হয়েছে ১৬৫। এখন দেখার, ঘরোয়া ক্রিকেটের এই ইনিংস তাঁকে ফর্মে ফিরতে সাহায্য করে কি না।
0 মন্তব্য