ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ ক্রিকেটার অজিঙ্ক রাহানে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । প্রাক্তন ক্রিকেটার হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে পেনশন পাবেন রাহানে। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকার সময় ২০২২ সালে প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা দিতে পেনশন শুরু করেছিলেন।
গত ৩০ জুলাই অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন রাহানে। তাঁর নেতৃত্বে ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল ভারতীয় দল। ২০২৩ সালের পর আর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি। তবু ঘরোয়া ক্রিকেট খেলে গিয়েছেন জাতীয় দলে প্রত্যাবর্তনের আশায়। দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি এক দিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহানে। ৮৫টি টেস্ট খেলায় ভারতীয় বোর্ডের হিসাবে প্রথম স্তরের পেনশন পাবেন রাহানে। ২৫টির বেশি টেস্ট খেলা প্রাক্তন ক্রিকেটারেরা প্রথম স্তরের পেনশন পান। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক মাসে ৭০ হাজার টাকা করে পাবেন বলে জানা গিয়েছে। শুরুতে এই পেনশনের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। চার বছর আগে বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে।
অবসরের পর ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকবেন না কিছু দিন বিশ্রাম নেবেন, জানা যায়নি। ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে তা-ও নিশ্চিত নয়। গত আইপিএলেও কেকেআরকে নেতৃত্ব দিয়েছেন রাহানে। তাঁর অবসরের সিদ্ধান্ত চাপে ফেলেছে কেকেআর কর্তৃপক্ষকেও। নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে শাহরুখ খানের দলকে।
0 মন্তব্য