যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক কলহের জেরে নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার (১ জুন) দুপুর ১২টা ১২ মিনিটে একটি বাড়ি থেকে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে তদন্তের সূত্র ধরে আরও দুটি স্থানে অভিযান চালিয়ে পুলিশ দুজন পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। তাদের একজন একটি বাড়িতে এবং অন্যজন কাছের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত অবস্থায় ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সবাই হামলাকারীর পরিবারের সদস্য। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় মিসিসিপি নদীর তীরবর্তী রিভারফ্রন্ট ট্রেইল এলাকায় একটি পথচারী সেতুর কাছে পুলিশ তাকে ঘিরে ফেলে। এ সময় পুলিশের মুখোমুখি হয়ে রায়ান নিজের অস্ত্র দিয়ে নিজেকেই গুলি করে আত্মহত্যা করেন।
মাসকাটিন পুলিশ প্রধান বলেন, “আজকের এই নৃশংসতা এবং আমাদের শান্ত সম্প্রদায়ের ওপর যে আঘাত এসেছে, তা প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই।”
পুলিশ জানিয়েছে, রায়ান ম্যাকফারল্যান্ডের পূর্বে অপরাধের রেকর্ড ছিল। তবে বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নিহতদের নাম ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
0 মন্তব্য