হবিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা-বাগান সংলগ্ন সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ থেকে সুশান্তকে আটক করা হয়। এ সময় তিনি শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
বিজিবি আরও জানায়, তল্লাশির সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে থাকা দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানিয়েছেন, তিনি গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে গিয়ে একটি হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করেছিলেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে কোনো অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
এ বিষয়ে হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
0 মন্তব্য