কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গত ২৭ অক্টোবর এ ঘটনা ঘটে। প্রায় ১ হাজার ফুট গভীরে খননকাজ চলার সময় গ্যাসের উদগীরণ শুরু হয়।
ঘটনার পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা বর্তমানে কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আগুনের বিস্তার রোধে আপাতত গ্যাস উন্মুক্তভাবে নির্গত হতে দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আগুনের তীব্রতা না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে অগ্নিনির্বাপণ এবং গ্যাসের প্রবাহ বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এ ছাড়া ঘটনাস্থল এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক (২ডি) সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পাশাপাশি সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
0 মন্তব্য