হবিগঞ্জের কৃষি ও নদীভাঙনকবলিত এলাকার সুরক্ষায় পুনর্নির্মাণ করা বাঁধের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
সোমবার (২ নভেম্বর) হবিগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর লস্করপুর ইউনিয়নে পুনর্নির্মাণ করা বাঁধের বিভিন্ন অংশ সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় বাঁধের নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে হুইপ জি কে গউছ বাঁধ নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম কিংবা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সুযোগ নেই বলে সতর্ক করেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা, কৃষিজমি রক্ষা এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় এই বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কাজের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।
এ সময় বর্ষা ও সম্ভাব্য দুর্যোগের আগেই নির্ধারিত নিয়ম মেনে বাঁধের নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। হুইপ তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
এ সময় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ১০ নম্বর লস্করপুর ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের আশা, বাঁধটি টেকসইভাবে পুনর্নির্মাণ করা হলে লস্করপুর ইউনিয়নের শত শত একর ফসলি জমি ও বসতবাড়ি নদীভাঙন এবং আগাম বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে।
0 মন্তব্য