টানা আন্দোলন, শ্রমিক অসন্তোষ ও সহিংসতা অব্যাহত থাকলে তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা করছেন শ্রমিক নেতারা। তাদের দাবি, আন্দোলনের নামে ভাঙচুর ও সহিংসতা চালাতে বাইরে থেকে ভাড়াটে লোক নিয়োগ করা হয়েছে। এ পরিস্থিতিতে চলমান মজুরি আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দোলন বন্ধের আশ্বাস দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
তৈরি পোশাকশিল্পে মজুরি বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাকরির অনিশ্চয়তা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অন্যায্য ছাঁটাই বন্ধের দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিদের আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আন্দোলনের নামে ভাঙচুর ও হামলার সঙ্গে প্রকৃত শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। তাদের দাবি, এসব সহিংস কর্মকাণ্ডে বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয়েছে।
শ্রমিক নেতারা আশঙ্কা প্রকাশ করেন, আন্দোলন ও সহিংসতা দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে অন্য দেশ থেকে পোশাক কেনার সিদ্ধান্ত নিতে পারেন। এতে দেশের তৈরি পোশাকশিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, মিরপুরে আন্দোলনের সঙ্গে হোপ মার্কেটের আন্দোলনরত ফুটপাতের ব্যবসায়ীরা জড়িত। অন্যদিকে গাজীপুরে শ্রমিকদের পাশাপাশি স্থানীয় লোকজনও আন্দোলনে নেমেছেন।
সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধিরা চলমান মজুরি আন্দোলনে গ্রেপ্তার শ্রমিক ও নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি তাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অন্যান্য ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানান তারা। একই সঙ্গে আগামী জানুয়ারির মধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি তোলেন।
শ্রমিক নেতাদের গ্রেপ্তারের বিষয়ে ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, গ্রেপ্তার নেতাদের যেন কোনো ধরনের নির্যাতন করা না হয় এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি দেওয়া হয়।
তিনি আরও জানান, সোমবার শ্রমিক আন্দোলনের তীব্রতা অনেকটাই কমেছে। মঙ্গলবার থেকে আন্দোলন প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশা করছেন তারা।
0 মন্তব্য