স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার ভিত্তিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম অবস্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরের গবেষণা প্রকাশনার তথ্যের ভিত্তিতে রিসার্চ হাব প্রকাশিত ‘বাংলাদেশি ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’ প্রতিবেদনে এ অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।
প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে নোবিপ্রবির গবেষকদের মোট ১ হাজার ৪০৬টি গবেষণা প্রকাশনা স্কোপাসে অন্তর্ভুক্ত হয়েছে। এসব গবেষণা প্রকাশনায় মোট সাইটেশন পড়েছে ১৪ হাজার ৩২২টি। এছাড়া আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার হার ৬১ দশমিক ২ শতাংশ। তালিকায় নোবিপ্রবির স্কোর ২৯ দশমিক ৪।
রিসার্চ হাবের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ১৬৭টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম বিশ্লেষণ করে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
তালিকায় নোবিপ্রবির ঠিক আগে ১৬তম অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। তাদের গবেষণা প্রকাশনা ১ হাজার ৩৭৪টি এবং সাইটেশন ১৮ হাজার ৬১৯টি। অন্যদিকে ১৮তম অবস্থানে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকাশনা ১ হাজার ৩৪৮টি এবং সাইটেশন ১২ হাজার ৬৫২টি।
র্যাঙ্কিংয়ের পদ্ধতি অনুযায়ী, গবেষণা প্রকাশনার সংখ্যা, সাইটেশন, প্রতি প্রকাশনায় গড় সাইটেশন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং এইচ-ইনডেক্স বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে মোট গবেষণা প্রকাশনাকে সর্বোচ্চ ৬০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণা প্রকাশনার এ পরিসংখ্যান নোবিপ্রবির সাম্প্রতিক গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার একটি চিত্র তুলে ধরেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির গবেষণার পরিমাণ ও প্রভাব আরও বাড়ানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
0 মন্তব্য