দেশে দ্রুত রোবটিক সার্জারি মেশিন আমদানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বলেন, ‘স্বাস্থ্য খাতকে আগামী দুই বছরের মধ্যে নতুন রূপ দেওয়া হবে।
আজ সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ফিজিকস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতকে আগামী দুই বছরের মধ্যে নতুন রূপ দেওয়া হবে। দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। নিয়োগ দেওয়া হবে ৪১ হাজার ৩৯০ স্বাস্থ্যকর্মী।
একই সঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা রয়েছে সরকারের।’
স্বাস্থ্য খাতকে গত ১৭ বছরে লুটপাটের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল বলে দাবি করেন মন্ত্রী। বলেন, ‘বিগত বছরগুলোতে দেশের এই স্বাস্থ্য খাতকে পুরোপুরি ধ্বংস ও ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে অব্যবস্থাপনা আর দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে।’
তার দাবি, গত সাত মাসে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যেই দৃষ্টিগোচর কিছু কাজ করেছে সরকার।
মন্ত্রী বলেন, জেলা পর্যায়ে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি ব্রেস্ট ক্যান্সার ও যক্ষ্মা নিয়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেক বিভাগে একটি করে ক্যান্সার হাসপাতালের কাজ চলছে। ক্যান্সার গবেষণায় সব ধরনের সহযোগিতা সরকার করবে।
0 মন্তব্য