বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ২০২৪ সালের মার্চে ঘোষিত এই কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি এবং নাসির উদ্দীন নাসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দুই বছর পূর্ণ হওয়ায় গত মাসের শুরুতেই এই কমিটির মেয়াদ শেষ হয়।
এদিকে, নতুন কমিটি নিয়ে দলীয় হাইকমান্ডে জোর আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন। তিনি যোগ্য, ত্যাগী ও তরুণ নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিতে আগ্রহী বলে জানা গেছে।
এই প্রেক্ষাপটে আগামী ৯ মে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকেছেন বিএনপি চেয়ারপারসন। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই বৈঠকে তিনি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বৈঠকটিকে নতুন নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান কমিটির ‘সুপার ফাইভ’ হিসেবে পরিচিত শীর্ষ নেতাদের নতুন কমিটিতে থাকা-না থাকা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। যদি তাদের বাদ দেওয়া হয়, তাহলে দীর্ঘদিন ধরে বঞ্চিত নেতাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। এতে সংগঠনে গতিশীলতা বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ছাত্রদলের শীর্ষ দুই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শ্যামল মালুম, আমান উল্লাহ আমান, মো. খোরশেদ আলম সোহেল, সালেহ মো. আদনান, এসএম আবু জাফর, শরীফ প্রধান শুভ, মনজুরুল আলম রিয়াদ, ইজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, কাজী জিয়া উদ্দিন বাসিত, আজিজুল হক জিয়ন, ডা. আউয়ালসহ আরও বেশ কয়েকজন নেতা।
দলীয় সূত্রগুলো বলছে, এবার নেতৃত্ব নির্বাচনে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের সক্রিয়তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। ফলে নতুন কমিটিতে চমক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
0 Comments