গর্ভবতী স্ত্রীকে শারিরীকভাবে নির্যাতনের অভিযোগে ইতালি থেকে এক প্রবাসী বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ। গত ২৩ জুলাই ভেনিস বিমানবন্দর থেকে একটি বানিজ্যিক ফ্লাইটে তাকে দেশে পাঠানো হয়।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির স্টেট পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এঘটনা নিশ্চিত করে। তবে আদালতের নিয়মানুসারে ওই বাংলাদেশীর নাম ও পরিচয় প্রকাশ করেনি তারা।
কিন্তু স্থানীয় প্রবাসীরা জানিয়েছে তার নাম মাসুম মিয়া (৫৫) তার দেশের বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার চল্লাবাজে। তিনি দীর্ঘ ১৫ বছর যাবত মনফালকোনের শিপইয়ার্ডে কাজ করতেন।
জানা গেছে, ইতালির উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা শহর গোরিৎসিয়ার মনফালকোনে এলাকায় বসবাসরত মাসুম নামে এক বাংলাদেশী তার নিজ স্ত্রীকে দীর্ঘদিন ধরে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং পারিবারিক নির্যাতন চালিয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসন তার বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ইতালি থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয় এবিষয়ে ইতালীয় প্রশাসক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পারিবারিক সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ঘটনাও সেই নীতির আওতায় নেওয়া পদক্ষেপের অংশ।
তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসন মিলানের বাংলাদেশ কনস্যুলেটের সাথে কোন যোগাযোগ করেনি বলে জানিয়েছেন কনসাল শরিফুল ইসলাম। তবে তিনি সকল প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন মেনে চলার আহবান জানান।
0 মন্তব্য