বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে অসাধু সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এদের কারণেই দেশের বাজারব্যবস্থা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এবং জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাজার পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
সকালে ডা. শফিকুর রহমান মিরপুরের পাইকারি বাজারের বিভিন্ন আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তিনি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন এবং নিত্যপণ্যের দামের বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি বলেন:
"বাজারে এক ধরনের কৃত্রিম অস্থিরতা তৈরি করে রাখা হয়েছে। এর ফলে সরাসরি সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।"
সরকারের প্রতি আহ্বান
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান জামায়াত আমির। তিনি উল্লেখ করেন, শুধু আশ্বাসে কাজ হবে না, দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, "সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখা এখন সময়ের দাবি। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করবে।"
উপস্থিত নেতৃবৃন্দ
বাজার পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সাথে আরও উপস্থিত ছিলেন:
মো. মোবারক হোসাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তর আমির।
ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান সংসদ সদস্য, ঢাকা-১৪ আসন।
এছাড়া দলটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তারা বাজারের ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন এবং চাঁদাবাজমুক্ত বাজার নিশ্চিত করার দাবি জানান।
0 মন্তব্য