কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সেশনজট নিরসন এবং সব বিভাগকে একই একাডেমিক সময়সূচির আওতায় আনতে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সব বিভাগে চিঠি পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (২০তম ব্যাচ) মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাচকেও এ ক্যালেন্ডারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন এবং সব বিভাগকে একই সময়সূচির আওতায় রাখার লক্ষ্যে আমরা একটি সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করেছি। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস শুরু, শেষ এবং পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সব বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। প্রথমে ২০তম ব্যাচের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছি। ধাপে ধাপে অন্যান্য ব্যাচকেও এ কার্যক্রমের আওতায় আনার চেষ্টা করছি।”
সমন্বিত একাডেমিক ক্যালেন্ডারের সময়সূচি তুলে ধরে উপ-উপাচার্য জানান, ২০তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারে সব বিভাগের ক্লাস শুরু হবে ২০২৬ সালের ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে। ক্লাস শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি। আর সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ২২ থেকে ২৫ মার্চের মধ্যে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নের মাধ্যমে বিভাগগুলোর একাডেমিক কার্যক্রমে সমন্বয় আসবে এবং ধীরে ধীরে সেশনজট কমিয়ে আনা সম্ভব হবে।
0 মন্তব্য