জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, ‘বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (শেখ হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই।’
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এ আবেদন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলেও জানায় রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিটি পাঠিয়েছেন। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যদিকে, অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। তাঁর দেশে ফেরার উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেও মনে করছে সংবাদমাধ্যমটি।
0 মন্তব্য