দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হলেও সম্ভাব্য কোনো ব্যক্তির নাম প্রস্তাব বা চূড়ান্ত করা হয়নি। তবে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ওপর ন্যস্ত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় তা শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সংবিধানে নির্ধারিত ৯০ দিনের সময়সীমার আগেই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা সম্ভব কি না, সে বিষয়েও কয়েকজন সদস্য মতামত দেন। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কোনো ব্যক্তির নাম নিয়ে আলোচনা বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী এবং বেগম সেলিমা রহমান। এছাড়া মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান ভার্চ্যুয়ালি অংশ নেন।
রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যদের মতে, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় আগামী বছরের জানুয়ারির আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতিও বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দ্রুত সময়ের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশ্বাস দেন।
এ ছাড়া চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও আলোচনা হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়েছে বলে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
0 মন্তব্য