হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি জালাল মিয়ার বিরুদ্ধে পঞ্চম শ্রেণি পাসের জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোপালপুর গ্রামের হরমুজ আলীর ছেলে জালাল মিয়া বর্তমানে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে কর্মরত রয়েছেন। তবে অভিযোগ রয়েছে, তিনি পঞ্চম শ্রেণি পাস না করেও জাল সনদ ব্যবহার করে চাকরিটি নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে ওই পদে দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয়দের অভিযোগ, চাকরিতে নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে যে সনদ ব্যবহার করা হয়েছে, সেটি সঠিক কি না—তা যাচাই করা প্রয়োজন। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর এ নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।
অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাল সনদ ব্যবহারের বিষয়টি সত্য কি না এবং কীভাবে তিনি সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তারা বলেন, অভিযোগটি সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে নিয়োগের সময় দাখিল করা শিক্ষাগত সনদ ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত দপ্তরি জালাল মিয়ার বক্তব্য এবং সংশ্লিষ্ট বিদ্যালয় বা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও তদন্তের পরই এ বিষয়ে চূড়ান্তভাবে বলা সম্ভব হবে।
0 মন্তব্য