ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এরইমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হওয়ায় বাজারে তেল সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৩৪ ডলার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রেরে ওয়েস্ট টেক্সাস মিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৫৫ ডলারে।
এদিকে, সরবরাহ কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের মজুতও কমছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে।
ইআইএ’র নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের গড় দাম হতে পারে ব্যারেল প্রতি ৯১ ডলার।
আগের পূর্বাভাসের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি। একইভাবে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের গড় দাম ৮৪.৬৫ ডলার হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইআই’র এই পূর্বাভাস গত ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। এরপর মধ্যপ্রাচ্যে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফলে আগামী দিনে তেলের সরবরাহ পরিস্থিতি ও দাম কোন দিকে যায়, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।
0 মন্তব্য