কলম্বো টেস্টে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সুরিয়া। সোমবার (২৪ আগস্ট) দিনের শেষ বলে আউট হওয়ার পর সাজঘরে ফেরার সময় সীমানার বাউন্ডারি ওয়েজে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। এই আচরণকেই আইসিসির আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে।
নিজের ভুল স্বীকার করে নিয়েছেন জয়সুরিয়া। পাশাপাশি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তিনি। গত ২৪ মাসের মধ্যে এটাই তার প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।
ঘটনাটি নিয়ে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার প্রগীত রামবুকওয়েলা অভিযোগ দায়ের করেন।
এ নিয়ে চলতি কলম্বো টেস্টে আইসিসির শাস্তি পাওয়া খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল তিনে। এর আগে ম্যাচের প্রথম দিন মাঠে উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দোকে ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়। পাশাপাশি দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়।
ঘটনার সূত্রপাত ভারতের প্রথম ইনিংসের ১৭তম ওভারে। আসিথা ফার্নান্দোর বলে আউট হওয়ার পর জয়সওয়াল তার দিকে এগিয়ে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফার্নান্দো জয়সওয়ালের দিকে মাথা এগিয়ে দেন। জবাবে ভারতীয় ব্যাটারও সামনে ঝুঁকে পড়লে দুজনের মাথা পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। ফলে একই টেস্টে মাঠের আচরণবিধি ভঙ্গের কারণে তিন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নিল আইসিসি।
0 মন্তব্য