টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যাশিশুকে বাড়িতে রেখে মারিয়া নামে এক নারী নিখোঁজ হয়েছেন। এতে নবজাতক দুটির বেঁচে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন শিশু দুটির বাবা সাকিব হোসেন।
ঘটনাটি ঘটেছে ঘাটাইল পৌরশহরের ধারিয়াল গ্রামে। নবজাতক দুই শিশুর নাম রাখা হয়েছে মাহা ও মানহা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, প্রায় আড়াই বছর আগে ঘাটাইল পৌর এলাকার ব্যবসায়ী ময়েন উদ্দিনের মেয়ে মারিয়ার সঙ্গে ধারিয়াল এলাকার সোলায়মান হোসেনের ছেলে সাকিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করেন। সে সময় সাকিবের বয়স ছিল ১৭ বছর এবং মারিয়ার ১৫ বছর। দুই পরিবারের সদস্যরা বিয়ে মেনে না নেওয়ায় তারা একপর্যায়ে বাড়ি থেকে চলে যান। পরে সাকিবের পরিবার তাদের বিয়ে মেনে নিয়ে বাড়িতে ফিরিয়ে আনে।
গত ১৩ আগস্ট স্থানীয় হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ দুই কন্যাসন্তানের জন্ম দেন মারিয়া। পরে দুই সন্তানসহ তাকে সাকিব নিজের বাড়ি ধারিয়ালে নিয়ে আসেন। কিন্তু গত ১৭ আগস্ট রাতে কাউকে কিছু না জানিয়ে নবজাতক দুটিকে বাড়িতে রেখে নিখোঁজ হন মারিয়া।
সাকিব হোসেন বলেন, “যমজ শিশু নিয়ে চরম বিপাকে পড়েছি। নবজাতকের জন্য অনেক সমস্যার সমাধান করা গেলেও মায়ের অভাব কোনোভাবেই পূরণীয় নয়।”
তিনি আরও অভিযোগ করেন, মারিয়া কোথায় চলে গেছে, তা তিনি জানেন না। নবজাতক দুটিকে বাঁচাতে মায়ের প্রয়োজন। তাদের বিয়ের বিষয়টি শ্বশুর-শাশুড়ি মেনে না নেওয়ায় তাদের প্ররোচনায় এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
মারিয়ার বাবা ময়েন উদ্দিন জানান, তার মেয়ে বর্তমানে কোথায় বা কী অবস্থায় রয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নবজাতক দুটির মাকে খুঁজে বের করে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
0 মন্তব্য