চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।
দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সেগুলোর রেজিস্ট্রি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে দুদক জানায়।
এ অবস্থায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে তিনি দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পর দুদকের বিশেষ টিম মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
0 মন্তব্য