রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান।
শনিবার (২৩ মে) আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, “আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং অধিকার আদায়ে বারবার সংগ্রাম করেছি। এখন সময় এসেছে সবাইকে একসঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার।”
অনুষ্ঠানে তিনি আরও বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের সংগঠন নয়, দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের উন্নয়নে প্রকৌশলীদের অংশগ্রহণ আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংবর্ধনা পান সানজিদা ইসলাম তুলি এমপি, মঈনুল ইসলাম খান শান্ত এমপি এবং মো. আশরাফ উদ্দিন বকুল এমপি।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, প্রকৌশলী ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য