ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুরে তিতাস নদীর বুকে দীর্ঘদিন পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। হরিপুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নৌকা বাইচকে ঘিরে নাসিরনগর উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকার দর্শনার্থীরাও প্রতিযোগিতা উপভোগ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নৌকা বাইচকে ঘিরে আনন্দ প্রকাশ করে পোস্ট করছেন অনেকে।
হরিপুর মানব কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, প্রথমে তাঁরা ডিঙ্গি নৌকা বাইচ আয়োজনের পরিকল্পনা করেছিলেন। তবে মানুষের আগ্রহ ও ভালোবাসা দেখে পরে বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে এ আয়োজন করা হয়েছে। নৌকা বাইচকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপস্থিত থাকবেন সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা
আয়োজকরা জানান, নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের। এ ছাড়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
দীর্ঘদিন পর তিতাস নদীতে নৌকা বাইচ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী এই আয়োজন উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
0 মন্তব্য