ভারতের উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের ডিগলিপুরের কাছে একটি পণ্যবাহী জাহাজ থেকে গুরুতর আহত এক বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ৩৬ বছর বয়সী ওই নাবিক জাহাজে পড়ে গিয়ে মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন।
এএনআই নিউজ জানায়, ২০ সেপ্টেম্বর রাত থেকে ২১ সেপ্টেম্বর ভোরের মধ্যে উত্তাল সমুদ্রে এই উদ্ধার অভিযান চালানো হয়।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শ্রী বিজয়পুরমের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র থেকে নাবিকের বিপদের খবর পাওয়ার পর অভিযান শুরু করা হয়। খবর পাওয়ার পর ভারতীয় উপকূলরক্ষী জাহাজ ‘রাজদূত’ ডিগলিপুরের কাছে যায়। তখন সমুদ্র ছিল উত্তাল।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ২০ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে ডিগলিপুরের কাছে অভিযানটি চালানো হয়। বাহিনীটি জানায়, অন্ধকার ও উত্তাল সমুদ্রের মধ্যেই দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও উপকূলরক্ষী জাহাজ ‘রাজদূত’ নিরাপদে সেই বাংলাদেশি নাবিককে জাহাজ থেকে তুলে নেয়। ওই নাবিক জাহাজে পড়ে গিয়ে মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন বলে জানানো হয়েছে।
উদ্ধারের পর তাকে ডিগলিপুর বন্দরে নেওয়া হয়। এরপর ভারতীয় নৌবাহিনীর উড়োজাহাজে করে শ্রী বিজয়পুরমে নেওয়া হয়। সেখানে জিবি প্যান্ট হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বলেছে, বিভিন্ন বাহিনীর দ্রুত ও সমন্বিত পদক্ষেপের কারণে আহত নাবিককে সময়মতো চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। সমুদ্রে মানুষের জীবন রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ভারতের গুজরাটের কান্দলার কাছে দুটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের পর ২১ নাবিককে উদ্ধার করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চেন্নাই কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, কান্দলার কাছে ‘এমভি কেম্যাক্স এম্পেরর’ ও ‘এমভি ট্রু মেরিনার’ নামের দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। খবর পাওয়ার পর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। সংঘর্ষের সময় ‘এমভি কেম্যাক্স এম্পেরর’-এ মোট ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়। জাহাজটির কার্যক্রম চালু রাখার জন্য আরো তিনজন নাবিককে জাহাজে রাখা হয় বলে ওই কর্মকর্তা জানান।
0 মন্তব্য