পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের পাথাইল হাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি মসজিদের মাইক ব্যবহার করে লাঠিসোঁটা নিয়ে বাইরে বের হওয়ার আহ্বান জানানো হয়, যার পরপরই সংঘর্ষ শুরু হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, সংগঠিত একদল লোক রফিক ও শফিক নামের দুই ভাইয়ের বাড়ি এবং ব্যবসায়ী রাসেলের দোকানে হামলা চালায়। দোকানে ভাঙচুর করে নগদ টাকা, পণ্যসামগ্রী ও বিকাশের টাকা লুট করা হয় বলেও দাবি করা হয়েছে। পরে হামলাকারীরা বাড়িতে গিয়ে নারী ও শিশুদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ ও সামাজিক আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. রাসেল বলেন, তার দোকান ও বাসায় হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং নগদ অর্থ ও মালামাল লুট করা হয়েছে।
এদিকে, ঘটনার পরপরই রাসেল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে কোনো দলীয় সম্পৃক্ততা নেই এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে কাজ করছে।
0 মন্তব্য