পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক তাৎক্ষণিকভাবে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার বিষয়ে একমত হয়েছে। সৌদি আরবে দ্রুত সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হবে।
রিয়াদে সোমবার অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে ‘মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্স’-এর কৌশলগত-রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ও দেশটির সামনে থাকা বিভিন্ন হুমকি নিয়ে আলোচনা করে।
তিন দেশ জানিয়েছে, এই পদক্ষেপ তাদের সামরিক প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সম্মিলিত সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে তারা বলেছে, জোটের যেকোনো একটি দেশের নিরাপত্তা তিন দেশের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।
‘মক্কা চুক্তি’কে বাস্তব প্রতিরক্ষা ব্যবস্থায় রূপ দেওয়ার মাধ্যমে প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তিন দেশের অঙ্গীকারের বিষয়টি স্পষ্ট হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মক্কা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নওমান মাহমুদ
বৈঠকে অবসরপ্রাপ্ত পাকিস্তানি লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্সের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক তার নিয়োগকে স্বাগত জানিয়ে জোটের লক্ষ্য বাস্তবায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আস্থা প্রকাশ করেছে।
সৌদি আরবের ওপর হামলার নিন্দা
মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর, বেসামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোয় চলমান হামলারও তীব্র নিন্দা জানিয়েছে তিন দেশ।
পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে তারা হুমকি ও হামলা মোকাবিলায় সৌদি সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, পেশাদারিত্ব ও সক্ষমতার প্রশংসা করেছে।
বৈঠকে এর আগে অনুষ্ঠিত রাজনৈতিক ও সামরিক পরামর্শের ফলাফল পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সুপারিশগুলো অনুমোদন করা হয়।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ সম্মিলিত প্রতিরক্ষার প্রতি তিন দেশের অঙ্গীকার এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় তাদের ঐক্যবদ্ধ অবস্থানকে তুলে ধরে।
সূত্রে: সামা টিভি
0 মন্তব্য