আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সহনীয় রাখতে ফল তিনটির আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ কার্যকর থাকবে। এতে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।
অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে ফল দুটি আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। আপেল ও কমলার ক্ষেত্রে নতুন শুল্ক-করহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে ফলগুলোর আমদানি ও সরবরাহ বাড়বে। এতে বাজারে দাম নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং আসন্ন রমজানে ভোক্তারা তুলনামূলক স্বস্তি পাবেন।
জানা গেছে, আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। পরবর্তী বছরগুলোতে আমদানির পরিমাণ কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬২ হাজার টনে দাঁড়ায়, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।
অন্যদিকে, গত ছয় অর্থবছরে দেশে কমলা আমদানির পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
তবে শুল্ক কমানোর সুফল শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়ে কতটা পৌঁছাবে, তা নিয়ে সংশয় রয়েছে বাজারসংশ্লিষ্টদের। তাঁদের মতে, আমদানি ব্যয় কমলেও বাজারে তার প্রতিফলন নিশ্চিত না হলে ক্রেতারা প্রত্যাশিত স্বস্তি পাবেন না।
0 মন্তব্য