হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর মসলা বাটার শিলের (পাথর) আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মামুন মিয়া মাধবপুর উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে মামুন মিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁর স্ত্রী ঘরে থাকা মসলা বাটার শিল দিয়ে মামুনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
0 মন্তব্য