আফ্রিকান নেশন্স কাপের (আফকন) শিরোপা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে জয় পেয়েছে সেনেগাল। জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত ফাইনালের পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে শিরোপা তুলে দিয়েছিল আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করে জয় পেয়েছে সেনেগাল। ফলে তাদের ১-০ গোলের জয় পুনর্বহাল হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে সিএএস জানায়, ২০২৫ আফ্রিকান নেশন্স কাপের ফাইনালের ফল নিয়ে সিএএফ ও রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল মঞ্জুর করেছে আদালত।
সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া সালিশি আদালত জানায়, সর্বসম্মত সিদ্ধান্তে সেনেগালের আপিল গ্রহণ করা হয়েছে। এর ফলে অতিরিক্ত সময়ের পর পাওয়া সেনেগালের মূল ১-০ গোলের জয় বহাল থাকছে।
গত মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ফাইনালের ফল পরিবর্তন করে। ম্যাচে তখনো কোনো দল গোল করতে পারেনি। স্বাগতিক মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগালের কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে চলে গেলে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে শিরোপা দেওয়া হয়।
আফকন বিধিমালার ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে ফাইনালের ফল পরিবর্তনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছিল সিএএফের আপিল কমিটি। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো দল রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগে খেলতে অস্বীকৃতি জানালে বা মাঠ ছেড়ে চলে গেলে, সেই দলকে পরাজিত ঘোষণা করা হবে এবং প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে।
তবে ঘটনার পর সেনেগালের খেলোয়াড়েরা আবার মাঠে ফিরে আসেন এবং ফাইনালের খেলা পুনরায় শুরু হয়। এ বিষয়টিই সিএএসের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিএএসের প্যানেলের মতে, ম্যাচ পুনরায় শুরু করার বিষয়ে রেফারির সিদ্ধান্ত প্রমাণ করে যে খেলা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছিল। ফলে এ ক্ষেত্রে আফকন বিধিমালার ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদ প্রযোজ্য নয়।
আদালতের এ সিদ্ধান্তের ফলে মরক্কোর কাছ থেকে আফকনের শিরোপা ফিরে পেল সেনেগাল।
0 মন্তব্য