সৌদি আরবের পবিত্র হজের গুরুত্বপূর্ণ দুটি স্থান মিনা ও মুজদালিফা-এ তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে দুই এলাকায় তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতির মাত্রা বাড়ানো এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হাজিদের সরাসরি রোদে না থাকা, তীব্র গরমের সময় চলাচল সীমিত রাখা এবং সম্ভব হলে তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ ছাতা ব্যবহার, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি সরকারের এই সতর্কবার্তার আলোকে বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও বাংলাদেশি হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে।
0 মন্তব্য