দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আর অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে।
শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগামী ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ওই তারিখে পরীক্ষা আয়োজন সম্ভব হয়নি। এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ হিসেবে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সূচি সম্পর্কে অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, আগামী দু-একদিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
0 মন্তব্য