রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের মায়েদের সঙ্গে কথা বলে কোনো অপরাধ বা গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ঈদের ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা ছয়জন মায়ের সঙ্গে কথা বলছি। তারা দেশের বিভিন্ন স্থানে থাকায় তথ্য সংগ্রহ ও বিষয়গুলো যাচাই করতে কিছুটা সময় লাগছে।”
তিনি আরও বলেন, “আজও অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীদের সঙ্গে বৈঠক রয়েছে। আইনগতভাবে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সেটি পর্যালোচনা করা হচ্ছে।”
সাখাওয়াত হোসেন জানান, একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে।
এদিকে দেশে হামের প্রাদুর্ভাব কমে আসছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মৃত্যুর সংখ্যা কমেছে। আমরা যে ভ্যাকসিন দিয়েছি, তার পূর্ণ কার্যকারিতা পেতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগে। চলতি সপ্তাহের শেষ নাগাদ হাম নিয়ে মানুষের উদ্বেগ আরও কমে আসবে বলে আশা করছি।”
এর আগে গত শনিবার আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের ভেতরে একটি বিস্কুট কারখানা দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ২৭ মে সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার কারণ ও সম্ভাব্য অব্যবস্থাপনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পরে নিহত শিশুদের মায়েদের বক্তব্য সংগ্রহে বিলম্ব হওয়ায় তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা চার দিন বাড়িয়ে ৩ জুন নির্ধারণ করা হয় এবং কমিটিতে আরও তিন সদস্যকে যুক্ত করা হয়।
0 মন্তব্য