জেলার বরুড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হল-জুনাইরা ও তাসলিমা আক্তার। তারা উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের যমজ সন্তান।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দু’টি। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দু’টিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে যমজ দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে। মর্মান্তিক এ ঘটনায় কাছিয়াপুকুরিয়া গ্রামসহ আশপাশের এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বাসস’কে বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
0 মন্তব্য