রাজশাহীর পুঠিয়ায় ছেলে ও পুত্রবধূকে চাকরি না দেওয়া এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অভিযোগ তুলে একটি বিদ্যালয়ের মাঠে কলাগাছ লাগানোর ঘটনা ঘটেছে। একই সঙ্গে শিক্ষকদের কার্যালয়ের দরজায় নতুন করে তালা এবং বিদ্যালয়ের প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে উপজেলার ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের দাতা সদস্য আজাদ আলী লোকজন নিয়ে এসে এসব করেছেন বলে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরে রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনায় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।
ব্যবস্থাপনা কমিটির সভায় ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ নাম নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট রেজল্যুশনে নামটি আজাদ আলী নিজেই প্রস্তাব করেছিলেন বলে উল্লেখ রয়েছে।
২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠানটি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায়। বর্তমানে প্রাথমিক পর্যায়ের পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠদান চলছে।
পর্যায়ক্রমে উচ্চতর শ্রেণিতে পাঠদানের অনুমোদন নেওয়ার কথা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজার অভিযোগ, গতকাল শনিবার সকাল ১১টার দিকে আজাদ আলী লোকজন নিয়ে বিদ্যালয়ে এসে শিক্ষকদের কার্যালয়ের আগের তালার ওপর আরেকটি তালা লাগান। এরপর প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়া হয় এবং বিদ্যালয়ের মাঠে সারি করে কলাগাছের চারা লাগানো হয়।
আজাদ আলীর দাবি, টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি জমি দিয়েছিলেন। সেখানে তাঁর ছেলে ও পুত্রবধূকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর দেওয়া শর্ত অনুযায়ী প্রতিষ্ঠান হয়নি এবং পুত্রবধূকেও চাকরি দেওয়া হয়নি। এ কারণেই তিনি বিদ্যালয়ে তালা ও মাঠে কলাগাছ লাগিয়েছেন বলে জানান।
তবে প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, আজাদ আলী শুরুতে নিঃশর্তভাবে জমি দান করেছিলেন। পরে প্রতিষ্ঠানটির স্থাপনা নির্মাণের পর জমি রেজিস্ট্রির সময় তিনি ছেলে ও পুত্রবধূর চাকরির দাবি করেন। তাঁর পুত্রবধূকে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছিল। চাকরিরত অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান প্রধান শিক্ষক।
তিনি আরো বলেন, পরবর্তীতে আজাদ আলীর ছেলে ও তাঁর দ্বিতীয় স্ত্রীর চাকরির বিষয়ে ব্যবস্থাপনা কমিটিতে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছিল। এসংক্রান্ত রেজল্যুশনও রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আজাদ আলী রাজশাহীর আদালতে মামলা করেন। তাঁর অভিযোগ, যে নামে প্রতিষ্ঠান করার জন্য তিনি জমি দিয়েছিলেন, সেই নামে প্রতিষ্ঠান করা হয়নি। মামলাটি চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
0 মন্তব্য