ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস নিক্ষেপের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
আজ সোমবার সকাল থেকে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি ডাকা হয়। তারা নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে। একপর্যায়ে লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি হয় এবং আন্দোলনকারীরা চারপাশে ছড়িয়ে পড়েন।
পুলিশ প্রথম দফায় আন্দোলনকারীদের সরিয়ে দিলেও তারা পুনরায় ব্যাংক এলাকা ঘিরে অবস্থান নেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযৌক্তিকভাবে বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলমের দোসর এবং তাকে নিয়োগ দেওয়ার ফলে ব্যাংকে আবারও অনিয়ম ও লুটপাট হবে। এ কারণেই তারা দাবি তুলে ধরার জন্য কর্মসূচি পালন করছিলেন।
উল্লেখ্য, ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাত নয়টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমক ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়।
ঘটনার পর ব্যাংকের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
0 মন্তব্য