বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশ গঠনে কাজ করছেন, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, “যখনই দেশ উন্নতির দিকে এগিয়ে যায়, তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়।”
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল জানান, সরকার জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করবে। নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
0 মন্তব্য