স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে চলে আসা একদলীয় শাসনের ধারাবাহিকতা এখনো বিদ্যমান রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ইন্টারন্যাশনাল জুরিস্টস ফোরাম ফর হিউম্যান রাইটস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম হায়দার পাটোয়ারী।
রুমিন ফারহানা বলেন, “আমরা দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি-জামায়াতকে খেলার মাঠের বাইরে রেখে এককভাবে সংসদ সাজানো হয়েছিল, এখন আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেকভাবে সংসদ চালানো হচ্ছে। দিস ইজ অল দ্য সেম।”
তিনি বলেন, অতীতের মতো এখনো তিনি একদলীয় সংসদের চিত্রই দেখছেন এবং সংসদে প্রথম দিন থেকেই তিনি এ বিষয়ে কথা বলে আসছেন।
ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে তিনি ছাড়া আর কোনো সদস্য প্রশ্ন তোলেননি। এ বিষয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে নোটিশ দিতে ন্যূনতম পাঁচজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হলেও তিনি সেই সমর্থন পাননি। ফলে তাকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করতে হয়েছে।
তিনি আরও বলেন, দেশে হামের প্রকোপ নিয়ে প্রশ্ন তুললে স্বাস্থ্যমন্ত্রী তাকে নিরুৎসাহিত করেছিলেন। এমনকি বেশি কথা বললে মানুষ আতঙ্কিত হবে বলেও মন্তব্য করা হয়েছিল।
জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে রুমিন বলেন, তেলের জন্য চালকদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু দাম বৃদ্ধির ঘোষণার পরপরই বাজারে পর্যাপ্ত তেল পাওয়া গেছে। “এই তেল এতক্ষণ কোথায় ছিল?”—প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
সরকার তথ্য গোপন করে নিজেদের কার্যক্রম আড়াল করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বর্তমান যুগের মানুষ অনেক বেশি সচেতন ও প্রযুক্তিনির্ভর। সবার হাতে মোবাইল ফোন থাকায় বিশ্ব পরিস্থিতি মুহূর্তেই জানা যায়। তাই তথ্য গোপন করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়।
0 মন্তব্য