পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধার বাড়িতে এখন যেন ছোটখাটো মেলা বসছে প্রতিদিন। কারণ, সেখানে রয়েছে বিশাল আকৃতির আলোচিত ষাঁড় ‘কালো মানিক’, যাকে একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে ঢাকায় নেওয়া হয়েছিল।
প্রায় ৪৫ মণ ওজনের এই বিশাল ষাঁড়টি এবার কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রি করতে চান খামারি সোহাগ মৃধা। গরুটির দাম চাওয়া হয়েছে ২২ লাখ টাকা।
প্রায় ১২ ফুট লম্বা ও ৬ ফুট উঁচু ‘কালো মানিক’কে দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার বিস্ময় নিয়ে দেখছেন বিশাল আকৃতির এই ষাঁড়কে। স্থানীয় এলাকাজুড়েও এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
খামারি সোহাগ মৃধা জানান, প্রায় সাত বছর ধরে সন্তানের মতো করেই তিনি ‘কালো মানিক’কে লালন-পালন করেছেন। ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনেন তিনি। পরে সেই গাভির জন্ম দেওয়া বাছুরটিকেই বিশেষ যত্নে বড় করতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে বাছুরটি বিশাল আকৃতি ধারণ করলে তার নাম রাখা হয় ‘কালো মানিক’।
সোহাগ মৃধার দাবি, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দানাদার খাবার খাইয়েই গরুটিকে বড় করা হয়েছে। প্রতিদিন এর পেছনে প্রায় এক হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত খরচ হয়। তিনি বলেন, “ভালো দাম পেলে এবার গরুটি বিক্রি করব।”
তিনি আরও জানান, গত বছরের ৫ জুন ‘কালো মানিক’কে উপহার হিসেবে ঢাকায় নেওয়া হয়েছিলখালেদা জিয়ার জন্য। পরে তিনি গরুটি গ্রহণ না করে সেটি বিক্রি করে পরিবারের আর্থিক সচ্ছলতায় কাজে লাগানোর পরামর্শ দেন।
সোহাগের স্ত্রী সুলতানা বেগম বলেন, “অনেক মায়া আর যত্ন দিয়ে গরুটিকে বড় করেছি। এখন আশা করছি, কোরবানির বাজারে এর উপযুক্ত মূল্য পাব।”
0 মন্তব্য