ভূমিসেবাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সহজে ও দ্রুত ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁও ভূমি ভবন-এ তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সময়ে ভূমির পরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা নিশ্চিত করা হলে সাধারণ মানুষকে আর দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে হবে না বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা মেলার মূল উদ্দেশ্য হলো জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা।
তিনি আরও বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে এবং ভূমিসেবাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
0 মন্তব্য