ঢাকা-পাবনা রুটে চালু হতে যাওয়া নতুন দুই আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’র টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা থেকে ঢাকার সাধারণ টিকিটের মূল্য ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির মাধ্যম সহজের ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হয়ে মোট ভাড়া দাঁড়িয়েছে ৪৪৫ টাকা।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর থেকে প্রথম তিন দিনের টিকিট বিক্রি শুরু হবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর নতুন ট্রেন দুটির উদ্বোধন হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। যাত্রীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। বিশেষ ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।
নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে। এদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
0 মন্তব্য