ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা। প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ১২ দিন থেকে সর্বোচ্চ ১৮ দিন পর্যন্ত ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ১২ দিন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর (রোববার) থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ। ছুটি শেষ হবে ২৯ ডিসেম্বর (মঙ্গলবার)।
তবে শীতকালীন ছুটির আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষেও ছুটি থাকবে।
মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ১২ দিন
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েও ২০ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হবে। ছুটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি উপভোগ করবেন।
কলেজে ছুটি ১৮ দিন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটি শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। চলবে ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।
এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। আবার ৩১ ডিসেম্বরের পর ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৮ দিনের ছুটি পাবেন।
মাদরাসায় ছুটি ১৫ দিন
সরকারি ও বেসরকারি মাদরাসাগুলোতে শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। ছুটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে ১৫ দিনের ছুটি পাবেন।
প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটিও যুক্ত হতে পারে
ডিসেম্বরের এই ছুটির মধ্য দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২৬ সালের নির্ধারিত ছুটির কার্যক্রম শেষ হবে। তবে ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি রয়েছে।
প্রতিষ্ঠানপ্রধান চাইলে প্রয়োজন অনুযায়ী এই দুই দিনের ছুটি দিতে পারবেন। সে ক্ষেত্রে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির বাইরেও অতিরিক্ত দুই দিন ছুটি ভোগের সুযোগ পেতে পারেন।
0 মন্তব্য