সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের প্রথম দিনের যুক্তিতর্কে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াবহ সব বিবরণ তুলে ধরা হয়।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, হত্যার সময় রক্তের ছিটা এড়াতে বালিশ ব্যবহার করা হতো। গুলি করে হত্যার পর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়া হতো। পরে মরদেহের সঙ্গে সিমেন্টভর্তি বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। মামলার সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসা এসব অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুরুতে মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এরপর জিয়াউল আহসানের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান তিনি। পরে মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দির বিভিন্ন অংশ উপস্থাপন করেন।
হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে আমিনুল ইসলাম বলেন, মানুষকে হত্যার সময় রক্ত যেন নিজের শরীরে না লাগে, সে জন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান বলে সাক্ষ্যে উল্লেখ রয়েছে। নৌকায় নিয়ে গুলি করার পর ভুক্তভোগীর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি। এ সময় একজন গুলি করতেন এবং অন্যজন পেট কাটতেন বলে জানান চিফ প্রসিকিউটর।
বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এসব ঘটনা তুলে ধরতে গিয়ে তার নিজেরও গা শিউরে উঠছে। তার ভাষায়, এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের কর্মকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস।
সাক্ষীর জবানবন্দিতে উঠে আসে হত্যাকাণ্ডের বিবরণ
গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মামলার ১৩তম সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় সংঘটিত কয়েকটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব ঘটনায় তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথা উল্লেখ করেন এই সাক্ষী।
জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী বলেন, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন জিয়াউল আহসান। পরে তাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান তিনি। সেখানে আগে থেকেই র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত রেখেছিলেন।
ঢাকা থেকে আসা গোয়েন্দা শাখার সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরা এক ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়।
সাক্ষীর বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে রওনা হয়। প্রায় তিন ঘণ্টা চলার পর ট্রলারের খোল থেকে হাত বাঁধা ব্যক্তিকে বের করে আনতে বলা হয়। পরে র্যাবের চার সদস্য ওই ব্যক্তির গলা ও পায়ের কাছে দুটি সিমেন্টভর্তি বস্তা বেঁধে দেন।
এরপর মাথা ও কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করা হয়। পরে তার পেট কেটে ফেলা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির রহমান।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ ব্যক্তির পেট কেটে ভেতরে হাত ঢুকিয়ে পরীক্ষা করতেন একজন র্যাব সদস্য। এরপর নদীর জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা বিবেচনায় নিয়ে ট্রলারের গতি কমাতে বলা হতো। একপর্যায়ে গোয়েন্দা শাখার চার সদস্যকে সিমেন্টভর্তি বস্তাসহ মরদেহটি পানিতে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হতো।
ঘটনার পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। পথে জিয়াউল আহসান ওই ব্যক্তিদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর উল্লেখ করে তাদের হত্যা করার পক্ষে মন্তব্য করেছিলেন বলেও জবানবন্দিতে জানান সাব্বির।
একই ধরনের ঘটনায় চারজনকে হত্যার অভিযোগ
২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বর্ণনা দেন সাবেক এই সেনা কর্মকর্তা। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি।
সাব্বির রহমানের জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে তিনি জানতে পারেন, পেট কাটা অবস্থায় উদ্ধার হওয়া মরদেহটির ডিএনএ পরীক্ষা করে সেটিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলামের বলে শনাক্ত করা হয়েছিল।
হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে সাক্ষ্যে। সাব্বির জানান, ২০১১ সালের জুনে জিয়াউল আহসান তাকে ফোন করে বলেন, আলকাছ মাঝি চরদুয়ানী বাজারে তথাকথিত ‘গলফ অপারেশন’ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করছেন। এতে র্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এরপর আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির।
সুন্দরবনেও একই ধরনের অভিযানের অভিযোগ
শুধু চরদুয়ানী নয়, সুন্দরবনেও একই ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছিল বলে জবানবন্দিতে জানান সাব্বির রহমান ওসমানী। তার দাবি, জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় সুন্দরবনকেন্দ্রিক তিনটি তথাকথিত ‘এনকাউন্টার’ অভিযান তিনি প্রত্যক্ষ করেন।
র্যাবে দায়িত্ব পালনকালে এসব ঘটনায় মানসিক যন্ত্রণার প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন বলেও জানান তিনি। চাকরির ১৮ বছর পূর্ণ হলে র্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে যান বলে জবানবন্দিতে উল্লেখ করেন এই সাবেক কর্মকর্তা।
ট্রাইব্যুনালে আসামি ভার্চুয়ালি হাজির
মামলার প্রথম দিনের যুক্তিতর্ক চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটররা। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সাহিদুর রহমান ও নাজনীন নাহার।
মামলায় উত্থাপিত এসব অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল। আদালতের রায় না হওয়া পর্যন্ত আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিচারাধীন।
0 মন্তব্য