চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় ওমরগণি এমইএস কলেজে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা এলাকার একটি সড়ক থেকে ২০ থেকে ৩০ জন কিশোর ও যুবক একটি ব্যানার নিয়ে মূল সড়কে ওঠেন। তাদের সামনে চারজন নেতৃত্ব দিচ্ছিলেন। প্রায় এক মিনিট মিছিল ও স্লোগান দেওয়ার পর তারা দ্রুত সেখান থেকে সরে যান। এরপর তারা কোন দিকে চলে যান, তা জানা যায়নি।
ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিদের ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানব না’, ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বঙ্গবন্ধু’—এসব স্লোগান দিতে শোনা যায়। তবে ভিডিওতে থাকা ব্যানারের লেখা স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমি ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিমের নির্দেশনায় মিজানুল ইসলাম আসপিনের নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে অংশ নেওয়া কিশোর-যুবকদের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ভিডিওটি সম্ভবত সকালের। বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ভিডিও ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
0 মন্তব্য