শুক্রবার আবারও নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ সিদ্ধান্তকে লজ্জাজনক ও বিব্রতকর বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, এ সিদ্ধান্তের কারণে নরওয়ের গায়ে মুছে না যাওয়ার মতো দাগ লেগেছে। নোবেল কমিটি নরওয়েতে অবস্থিত।
এ বছর নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা পরই নরওয়ের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। এ বছর পুরস্কার পেয়েছেন নাভি পিল্লাই। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক। জাতিসংঘের একটি প্রতিবেদন তদারকির দায়িত্বেও ছিলেন তিনি, যেখানে বলা হয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে।
নিউইয়র্কের সিরাকিউজে এক নির্বাচনী সমাবেশে পিল্লাইকে ‘রহস্যময় ব্যক্তি’ বলে আখ্যা দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এই ব্যক্তির নাম কখনো শুনিনি। অন্য কেউও শোনেনি।’
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতি বছরই নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করে আসছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘এটি নরওয়ে দেশটির এবং এমন লজ্জাজনক ও বিব্রতকর সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিদের গায়ে মুছে না যাওয়ার মতো দাগ হয়ে থাকবে।
নিজের ভূমিকা ছিল বলে দাবি করা কয়েকটি সংঘাতের কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া এবং চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে তিনি সহায়তা করেছেন। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
ট্রাম্প বলেন, ‘গুটিকয়েক উগ্র মতাদর্শী, যারা গণতন্ত্রবিরোধী এবং প্রকৃতপক্ষে সভ্যতার শত্রু, তাদের কারণে নোবেল শান্তি পুরস্কারের বিশ্বাসযোগ্যতা চিরতরে নষ্ট হয়ে গেছে। আর নরওয়ে, আমরা তোমাদের ভুলব না।
0 মন্তব্য