বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় তাঁর সতীর্থ নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ফিফা এ শাস্তির ঘোষণা দেয়।
ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়রা মাঠে উদযাপন করতে নামলে আর্জেন্টিনার মিডফিল্ডার পারেদেস স্পেনের গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংক্ষিপ্ত হাতাহাতির ঘটনা ঘটে।
পারেদেসের বিরুদ্ধে তিনটি শারীরিক আক্রমণের অভিযোগ এবং মোলিনার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। দুজনকেই ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।
আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির বিরুদ্ধে অসদাচরণের একটি করে অভিযোগ আনা হয়েছে। আর আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে আক্রমণের একটি অভিযোগ আনা হয়।
আলমাদা ও গাভিকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে ঘটনার জন্য ক্ষমা চাওয়া আয়ালাকে তিন ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
বিশ্বকাপ চলাকালে একাধিক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়ের (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা ব্যানার প্রদর্শনের ঘটনাও রয়েছে।
এ ছাড়া আর্জেন্টিনার পরবর্তী দুটি ঘরের ম্যাচে দর্শক ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।
ফিফা জানিয়েছে, খেলাধুলার আয়োজনকে খেলাধুলার বাইরের কোনো রাজনৈতিক বা অন্য ধরনের প্রচারের জন্য ব্যবহার করা শৃঙ্খলাবিধির লঙ্ঘন। শৃঙ্খলাবিধি ভঙ্গ, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির কারণেও জরিমানা করা হয়েছে।
ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে, আর্জেন্টিনার ওপর আরোপ করা ৩ লাখ ২১ হাজার ডলারের জরিমানার মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে।
তবে শাস্তির একটি অংশ—দুটি ম্যাচের একটিতে দর্শক সীমিত রাখার নির্দেশ এবং ১ লাখ ডলারের জরিমানা—পরীক্ষামূলক মেয়াদে স্থগিত রাখা হয়েছে।
ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আপিল করার আগে তারা ফিফার কাছ থেকে সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে চাইবে।
প্রয়োজনে শেষ ধাপে ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এও আপিল করার প্রস্তুতি রয়েছে তাদের।
এএফএ-এর আইনবিষয়ক ব্যবস্থাপক আন্দ্রেস প্যাটন উরিচ আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য পারেদেস ও মোলিনার নিষেধাজ্ঞার মেয়াদ কমানো।
0 মন্তব্য