দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২ জনে।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ৮২৩ জন মারা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৮ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হাম ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এবং মৃত্যুর তথ্য পর্যবেক্ষণ করছে।
0 মন্তব্য